বিগ ব্যাশে বাংলাদেশী অল রাউন্ডার সাকিব আল হাসানের দল মেলবোর্ন রেনেগাডস ৩ উইকেটে হেরেছে। শনিবার শেষ দিকে নাটকীয় ম্যাচটিতে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে শেষ বলে হেরে যায় তারা।

নিষেধাজ্ঞা কাটিয়ে বিগ ব্যাশে খেলতে যাওয়া সাকিব প্রথম ম্যাচে ব্যাট বলে দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই সঙ্গে জয় পেয়েছিল রেনেগাডস। কিন্তু জয়ের ধারা আর অব্যাহত থাকল না।

এদিন ব্যাট হাতে মোটেই ভাল করতে পারেননি সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে গেছেন এই অল রাউন্ডার।

বোলিংয়ে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেননি সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে তার হাতে বল তুলে দেন রেনেগাডস অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সুযোগটি ভালই কাজে লাগালেন। ওভারের শেষ বলে স্টার্স অধিনায়ক ও ওপেনার ক্যামেরুন হোয়াইটকে বোল্ড করে দেন সাকিব। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেটের মালিক হন তিনি।

সাকিবের আগে উদ্বোধনী ওভারের শেষ বলে লুক রাইটকে আউট করে দেন প্যাটিসন।

পরে কেভিন পিটারসেন ও গ্লেন ম্যাক্সওয়েল বেধড়ক পেটান রেনেগাডস বোলারদেরকে। শেষ পর্যন্ত স্টার্সকে দলের দ্বারপ্রান্তে নিয়ে যায় এই জুটি।

৪৪ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৬৭ রান করা ম্যাক্সওয়েল আউট হন ফাওয়াদ আহমেদের বলে। ৪৯ বলে ৪৯ রান করা পিটারসেন সাজঘরে ফিরে যান।

কিন্তু তাদের বিদায়ের পর শুরু হয় এক অকল্পনীয় নাটক। ব্যাটিং ব্যর্থতায় হারের শঙ্কায় পড়ে যায় স্টার্স। কিন্তু শেষ বলে বাই রানের সুবাদে তাদের শেষ রক্ষা হয়।

পিটারসেনের পর ফকনারকে (৫) বিদায় করে দিয়ে হ্যাটট্রিক করার সুযোগ পান বোলার স্টোকস। অ্যালেক্স কিথ সেই সুযোগ কাজে তাকে লাগাতে দেননি।

পরে ৬ রান করা কিথ বোলার রিমিংটনের হাতে রান আউট হন। কিথের পর হ্যাস্টিংসকে মাঠ থেকে বিদায় করে দিয়ে রান আউটের হ্যাটট্রিক করার সুযোগ পান এই ডানহাতি পেসার। কিন্তু ইনিংসের শেষ বল খেলতে নামা বোলান্ডকে আউট করতে পারেননি।

শেষ বলে স্টার্সের জয়ের জন্য মাত্র এক রান দরকার ছিল। বোলান্ড সেই রানটি করতে পারেননি। তবে বাই রানের সুবাদে জয় পায় তারা।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে মেলবোর্ন রেনেগাডস। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন ম্যাথু ওয়াডে। ৪৯ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৭১ রান করেন তিনি। এছাড়া টম বিটনের ৩৪ রানই উল্লেখযোগ্য।

মেলবোর্ন স্টার্সের বোলার জেমস ফকনার ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান বার্ড, হ্যাস্টিংস ও ম্যাক্সওয়েল।

জেডআই