পাল্লেকেলেতে চতুর্থ দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিল শ্রীলঙ্কা। ১৩৯ রান করে অপরাজিত রয়েছেন দিমুথ করুনারত্নে এবং ৭৩ রান করে অপরাজিত রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে ফলো-অন শ্রীলঙ্কার প্রয়োজন মাত্র ১১ রান।
২২৯ রানে তিন উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। তৃতীয় দিনে ৮৫ রান করে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং ২৬ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকা করুনারত্নে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক তুলে নেন চতুর্থ দিনের প্রথম সেশনে।
সেঞ্চুরি তোলার আগে আবু জায়েদের বলে এলবিডব্লুর আবেদন করলে সেটি নাকচ করে দেন আম্পায়ার। পরবর্তীতে সেটি রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অবশ্য রিভিউ নিয়ে লাভ হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত রান ৯৫ পেরনোর পর থেকেই তাসকিনের বলে কিছুটা ভুগতে দেখা যায় করুনারত্নেকে।
তাতে অবশ্য উইকেট আদায় করে নিতে পারেননি তাসকিন। তার বলেই সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ১১তম শতক তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। অন্যদিকে দিমুথকে বেশ ভালো সঙ্গ দেন ধনঞ্জয়া ডি সিলভা। ক্যান্ডির মরা উইকেটে তাইজুল-তাসকিনদের খেলতে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়নি ডি সিলভাকে।
ধীরে ধীরে অর্ধশতকের দিকে এগোতে থাকেন ধনঞ্জয়া ডি সিলভা। ৯৫.২ ওভারে তাইজুলের বলে চার মেরে শতরানের জুটি গড়েন করুনারত্নে ও ধনঞ্জয়া। এই দু’জনের শতরানের জুটির পরই অর্ধশতক তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম সেশন পর্যন্ত বেশ দেখে শুনেই খেলেন এই দুই ব্যাটসম্যান।
তাসকিন, এবাদত, তাইজুল, মিরাজ, আবু জায়েদকে ঘুরিয়ে-ফিরিয়ে বোলিংয়ে আনলেও লাঞ্চ সেশন পর্যন্ত কোন উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।বিডিক্রিকটাইম
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (১ম ইনিংস) (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮* : ফার্নান্দো ৪-৯৬
শ্রীলঙ্কা (১ম ইনিংস) ৩৩১-৩ (করুনারত্নে ১৩৯* , ধনঞ্জয়া ৭৩* , থিরিমান্নে ৫৮ : তাসকিন ১-৫৩ )
এমবি





