কর ফাঁকির অভিযোগের বিরুদ্ধে লিওনেল মেসির আইনজীবীর করা আবেদন খারিজ করে দিয়েছেন স্পেনের একটি আদালত। ফলে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির দায়ে বিচারের মুখোমুখি হচ্ছেন বার্সেলোনা সুপার স্টার।
মেসি ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে ২০০৬ -২০০৯ সালের মধ্যে তারা মোট ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন।
স্পেনের কর কর্তৃপক্ষকে ফাঁকি দিতে বেলিজ ও উরুগুয়ের কোম্পানির মাধ্যমে মেসির ইমেজ স্বত্ব বিক্রি করার অভিযোগ উঠেছিল। কিন্তু মেসি নিজেকে নিরাপরাধ ও নিয়ম সম্পর্কে অজ্ঞাত বলে আদালতে আপিল করেছিলেন।
বুধবার বার্সেলোনার আদালত মেসির আবেদনকে খারিজ করে দিয়ে বলেছেন, যে কোম্পানি তাকে কর ফাঁকি দিতে সাহায্য করেছিল সেটির সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
মেসি ও তার বাবা নিজেদেরকে নিরাপরাধ দাবি করা ছাড়াও গত বছর স্পেনের কর কর্তৃপক্ষকে স্বপ্রণোদিত হয়ে ৫ মিলিয়ন ইউরো দিয়েছিলেন।
মেসি বার্সেলোনা থেকে সব মিলিয়ে বছরে ১৬ মিলিয়ন ইউরো বেতন পান। এছাড়া বাণিজ্যিক বিজ্ঞাপন থেকে আরো কয়েক অর্থ আয় করেন।
২০১৪-১৫ মৌসুমে মেসি দারুণ একটি সময় পার করেছেন। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ট্রেবল জিতেছেন।
এবার দেশের জার্সিতে কোপা আমেরিকা জয়ের মিশনে নামবেন মেসি। কিন্তু তার আগে দুঃসংবাদ পেলেন আর্জেন্টাইন তারকা।
জেডআই





