এগিয়ে থেকেও জিততে পারল না বার্সালোনা, আবার পিছিয়ে থেকেও হারল না তারা। সমতায় শেষ হলো বৃহস্পতিবারের ইউরোপা লিগের প্লে অফ রাউন্ডের প্রথম লেগ, ২-২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করেছে কাতালান ক্লাবটি। ড্র হলেও বেশ উত্তেজনা ছড়িয়েছে ম্যাচটি, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।
আক্রমণ-প্রতি আক্রমণে উত্তেজনাকর ম্যাচটির প্রথমার্ধ শেষৎগোলশূন্য স্কোরবোর্ডে। তবে একাধিক সুযোগ পেয়েছিল উভয় দল, তবে ভাগ্যের সহায় পায়নি কেউ। শুরুতেই স্বাগতিক বার্সেলোনাকে চেপে ধরার চেষ্টা করে ইউনাইটেড। সপ্তম মিনিটে পরপর গোলের জন্য দুটি শটও নেয় তারা। যদিও বাধা হয়ে দাঁড়ান জর্দি আলবা। পরের মিনিটে আলবাই প্রথম সুযোগ তৈরী করে দেন বার্সালোনাকে। অষ্টম মিনিটে বাঁ দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান আলবা, যা চলে যায় লেভানডফস্কির পায়ে। শটও নেই এই পোলিশ তারকা, তবে তাকে নিরাশ করেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়া।
৩৪তম মিনিটে ত্রাতা হয়ে দেখা দেন আন্দ্রে স্টেগান, মার্কাস র্যাশফোর্ডের ডান পায়ের শট ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন বার্সেলোনার এই গোলরক্ষক। এই সময় চোট পেয়ে মাঠ থেকে উঠে যান পেদ্রী, বড় ধাক্কা খায় বার্সা। এদিকে আরো বেশ কয়েকটি সুযোগ তৈরী করে উভয় দল, তবে বিরতির আগে গোলমুখ খুলতে পারেনি কেউ। বিরতি থেকে ফিরেই ঝাপিয়ে পড়ে উভয় দল। দুই দলের হয়েই সুযোগ তৈরী করেন রাফিনহা ও সাঞ্চো; তবে এগিয়ে যাওয়া হয়নি কারো৷ অবশেষে গোলের দেখা মিলে ৫০ মিনিটে, ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে আলোনসোর হেড কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। ১-০ তে এগিয়ে যায় বার্সা।
তবে সেই আনন্দ মিলিয়ে যেতে সময় লাগেনি, ২ মিনিট পরেই ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান রাশফোর্ড। ফ্রেদের বাড়ানো বল ধরে ডানদিক দিয়ে এগিয়ে কাছের দুরূহ কোণ থেকে পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ তারকা। সমতায় ফেরানো মিনিট ছয়েক বাদেই ফের বল জালে জড়ান রাশফোর্ড। তার নেয়া শট বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দের বুকে লেগে চলে যায় জালে!
ইউনাইটেড ২-১ গোলে এগিয়ে থেকে যখন জয়ের স্বপ্ন দেখছে, তখন ফের সমতায় ফেরে বার্সালোনা। ৭৬তম মিনিটে দর্শনীয় এক গোল করেন রাফিনহা, যা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ইউনাইটেডের গোলরক্ষক ডি গিয়ার। শেষদিকে এসে আরো কিছু আক্রমণ চালায় বার্সা, আনসু ফাতি বেশ কিছু সুযোগ তৈরীও করেন। তবে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে ২-২ ব্যবধানে শেষ হয় প্রথম লেগ। দ্বিতীয় লেগ আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে।
এবিএস





