আজ বিকেলে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবার বিপিএলের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
আর এ আসরটি জাকজমকপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে তারকাবহুল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে পারফরম করবেন বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দুজনই চলে এসেছেন ঢাকায়।
বাংলাদেশ সময় আজ (৮ ডিসেম্বর) রোববার সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু করে সকাল ৯টার আশপাশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন সালমান ও ক্যাটরিনা।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর একদম শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন এই দুই বলিউড তারকা।
প্রথমে একক পারফরম্যান্স করবেন দুজনে। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।
ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দুজন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।
সম্পূর্ণ নিজেদের অর্থায়নে ‘বঙ্গবন্ধু বিপিএল’র আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গতবারের মতো এবারও ৭টি দল থাকছে। অনুষ্ঠানে দলগুলোর নাম ঘোষণা করা হয়। তবে, এবারের আসরে দলের নামগুলো বদলেছে।
দলগুলো হলো- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ওয়ারিয়র্স।
এমবি





