ফুটবল ক্লাব বার্সেলোনার মূল দলের হয়ে ১০ বছর পার করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দীর্ঘ এ সময়ে পায়ের কারুকার্য দেখিয়ে গড়েছেন একের পর এক রেকর্ড। অর্জন করেছেন হাজারো ভক্তের ভালবাসা। এবার এক দশক পূর্তিতে সবাইকে ভালবাসার কথা জানালেন এই ফুটবল জাদুকর।

২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সেলোনার মূল দলে অভিষেক হয় মেসির। ২০১৪ সালের ১৬ অক্টোবরে সেই দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্টাটাস দিয়েছেন মেসি। সেই সঙ্গে প্রত্যেককে ভালবাসা জানানোর কথা জানালেন তিনি।

চারবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের ফেইসবুক পেইজে ৭ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ৭৩১ জন ভক্ত লাইক দিয়েছেন। সারা বিশ্বের এত মানুষের ভালবাসা পাওয়া এই ফুটবলার তার পেইজে লিখেছেন, "অবিশ্বাস্য গত ১০ বছরে আমাকে সমর্থন জানানোর জন্য আমার পরিবার, বন্ধু, সতীর্থ ও এফসি বার্সেলোনার কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানাতে চাই।"

তিনি আরো লেখেন, "মাঠে খেলতে পেরে, এই জার্সি পরে ও তাক লাগানো মুহুর্ত পার করাটা দারুণ উপভোগ করেছি। আমি ক্রমাগত খেলায় উন্নতি করা এবং আমার সতীর্থদের সঙ্গে আরো শিরোপা জেতার চেষ্টা করছি। সবার জন্য ভালবাসা রইল।"

জেডআই