স্পোর্টস ডেস্ক: কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ৩৬ বছর বয়সি ক্রিকেটার উসমান খাজা। রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য খাজার জন্ম হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে। পরে তিনি অস্ট্রেলিয়া চলে যান।

পাকিস্তানে জন্ম নিয়ে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা উসমান খাজার ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অতীতে জন্মভূমিতে খেলার সুযোগ হয়নি। দীর্ঘদিন ধরে জন্মভূমিতে খেলতে মুখিয়ে আছেন তিনি।

এবিষয়ে খাজা বলেন, পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে পারার অনুভূতিটাই আলাদা। এখানে এসে খেলার ইচ্ছা আমার অনেক দিনের। রাওয়ালপিন্ডির পুরনো স্টেডিয়ামে আমি ছোটবেলায় যেতাম। তাই এখানে খেলার একটা আলাদা ইচ্ছা ছিল।

উসমান খাজা বলেন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যেভাবে পারি ক্রিকেট খেলতে চাই।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৬টি টেস্ট, ৪০টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৯৩৭ রানের মালিক খাজা।

অস্ট্রেলিয়া টেস্ট দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, মিচেল স্টার্ক ও মিচেল সুইপসন।

উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এমআই