ডাবল সেঞ্চুরি করে জবাব দিলেন নাসির। বিপিএলের পর জাতীয় ক্রিকেট লীগেও রান পেলেন মি. ফিনিশারের তকমা পাওয়া নাসির হোসেন।

৪দিনের ম্যাচের তৃতীয়দিনে সিলেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নাসির। ২৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো তার ইনিংসটি।

তার ডাবল সেঞ্চুরিতে রংপুর বিভাগ ৯ উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে।

নাসির ছাড়াও রান পেয়েছেন সোহরাওয়ার্দী শুভ। শুভ ৭৮ রান করেন।

এর আগে টসে জিতে সিলেট বিভাগ প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়।

জবাব দিতে নেমে বুধবার ১০৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয়দিনের খেলা শেষ করেন নাসির। তৃতীয়দিনে এসে তার সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন নাসির।

আর নিউজিল্যান্ড সফরে দলে না রাখার জবাবটা বিসিবিকে ডাবল সেঞ্চুরি করেই দিলেন নাসির।

এছাড়া বল হাতেও ১টি উইকেট শিকার করেছেন এ ডানহাতি অলরাউন্ডার।

বিপিএলে বল, ব্যাট এবং ফিল্ডিংয়ে দারুণ ছন্দে ছিলেন নাসির। বিপিএলে চলাকালে বিসিবি সভাপতি বলেছিলেন, যারা বিপিএলে ভালো করবে তাদের মধ্যে কয়েকজনকে নিউজিল্যান্ড সফরের জন্য বিবেচনা করা হবে।

কিন্তু বিপিএলে নাসির হোসেন, শাহরিয়ার নাফিস ও মেহেদি মারুফ দারুণ পারফর্ম করলেও নিউজিল্যান্ড সফরের জন্য তাদের বিবেচনা করা হয়নি।

এমবি