এভাবে পারফর্ম করতে থাকলে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের দাবিদার হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ জয়ের পর বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান আইসিসি ও বিসিবির প্রাক্তন এই সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের খেলা অত্যন্ত দৃষ্টিনন্দন মন্তব্য করে  মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশ ক্রমাগতভাবে ক্রিকেট বিশ্বের পরাশক্তিদের সিরিজে পরাজিত করে বিশ্ববাসীকে এই বার্তা দিচ্ছে- যেকোনো দলের বিরুদ্ধে আমরা এখন জয়ের জন্যই খেলি। আর এই মনোভাব নির্দেশ করে ক্রমেই আমরা চমৎকার একটি পেশাদার দলে পরিণত হচ্ছি।’

২০১৭ সালে ইংল্যান্ডে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলা নিয়ে বলতে গিয়ে এই ক্রিকেটপ্রেমী বলেন, ‘বাংলাদেশ এভাবে পারফর্ম করতে থাকলে আমার বিশ্বাস আমরা শুধু চ্যাম্পিয়নস ট্রফি খেলবোই না বরং ট্রফি জিতেও যেতে পারি। আমি বিশ্বাস করি, নিজেদের তৈরি করে বাংলাদেশ দ্রুতই যেকোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।’

বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, যে দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে থাকেন, সে দেশের ক্রিকেট উন্নতি লাভ করবেই। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি সত্যিকারভাবেই একজন ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল ক্রেকেটার মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজুর, মাহমুদউল্লাহ, নাসির, সৌম্য, রুবেল, তাসকিন, সাব্বির, লিটনদের বিশ্বমানের ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন।

এএইচ