প্রথম হামলাটি ঘটে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা এলাকার একটি পানশালায়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটির বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ভেতরে ঢুকেও গুলি চালায়। হামলার সময় কয়েকজন গ্রাহককে তল্লাশি করে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজনরা দুটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার পর আটজন সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিশেষ ইউনিট। তবে হামলার উদ্দেশ্য বা এর পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ ১৭টি হত্যা, ১৫টি হত্যাচেষ্টা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগে দুটি মামলা করেছে।

অন্যদিকে, রোববার ভোরে কেপ টাউনের কাছে লওয়ান্ডলে এলাকায় একটি দোকানে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে এই দুই হামলার ঘটনা ঘটল। এর মাত্র কয়েক দিন আগে ডারবানের কাছে একটি পার্টিতে গুলির ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন নিহত হন।

দুটি ঘটনারই তদন্ত চলছে। হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।

এস