কোটি হৃদয়ের রক্তক্ষরণ ঘটিয়ে ২০১২ সালের মার্চে এশিয়া কাপ ফাইনালে ২ রানের পরাজয় বরণ করে বাংলাদেশ।

আবারো আসলো এশিয়া কাপ, আরো একটি ফাইনালের দ্বারপ্রান্তে টাইগাররা। প্রতিপক্ষে যদিও,পাকিস্তানের জায়গায় ভারত।

একদম প্রান্তিক যে মানুষটি সেও দিন গুনছে কবে আসবে সে ক্ষণ, কাপ হাতে নেবে মাশরাফি বাহিনী। বয়স বা পেশার দূরত্ব ছাপিয়ে, কেবল ক্রিকেটকে ঘিরে একাত্ম গোটা বাংলাদেশ।

এই আবেগ প্রতি মুহূর্তের এই আবেগ সার্বজনীন। প্রাত্যহিক জীবনের সব ঝুট ঝামেলা পেছনে রেখে বাঙালীর মনে যেন নতুন রঙ লেগেছে।তাইতো শত ব্যাস্ততায় আড্ডার সবটুকু জুড়ে শুধু ক্রিকেট আর এশিয়া কাপ ফাইনাল।

নানা রঙের ছবি নানা প্রাণের ছবি। তার মাঝেও ভারত বধের গল্প পুরোটা সময়। ক্রিকেটারদের সাথে মনেপ্রাণে আটঘাট বেধে প্রস্তুতি চলছে ক্রিকেট প্রেমীদের মাঝেও।বয়সের বাঁধা ভেঙ্গে, বয়োবৃদ্ধ থেকে একদম কচি প্রাণেও যেন ম্যাশ, সাকিবদের নাম।

শুধু তরুণ প্রাণেই নয়, খেটে খাওয়া জনতার মুখেও এশিয়া কাপ ফাইনাল জয়ের জন্য আকুল প্রার্থনা।
এসএম/এমবি