২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ঢেউ তুলেছে সাম্বা। ব্রাজিলের ঐতিহ্যবাহী এই নাচ ঢেউ তুলেছে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মনেও। ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোর অ্যারিনা কোরিন্থিয়াস স্টেডিয়ামের হাজারো দর্শকের সঙ্গে পুরো বিশ্ববাসীকে মাতিয়েছে পিটবুল-জেনিফার লোপেজ ও লেত্তিয়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া ১২টা) বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। দিনের বেলার ২৫ মিনিটের অনুষ্ঠানে ছিল ‘ক্যাপোয়েইরা’। নাচ, গান ও অ্যাক্রোবেটিকসের ব্রাজিলিয়ান মার্শাল আর্ট পরিবেশনের পর সাজপোশাকে ব্রাজিলিয়ান সংস্কৃতি-ঐতিহ্য ফুটিয়ে তোলা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রায় ৬০০ শিল্পী বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় জয়ের চেষ্টা করেন। খুব অল্প সময়ের হলেও উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ চেষ্টা করেছেন তারা। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের সংস্কৃতি।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ব্রাজুকায় লাথি দিয়ে বিশ্বকাপ উদ্বোধন করা। আর এই কাজটি করেন অত্যাধুনিক রোবোটিক এক্সোস্কেলেটন বা ধাতব বহিঃপোশাক পরিহিত একজন শারীরিক প্রতিবন্ধী।
অবশেষে ব্রাজিলের শিল্পী ক্লদিয়া লেইত্তে, কিউবান পিটবুল ও যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী জেনিফার লোপেজ স্টেইজ মাতান। ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওলে ওলা’ও (উই আর ওয়ান) পরিবেশন করেন তারা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় অ্যারিনা কোরিন্থিয়াসে স্বাগতিক ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বফুটবলের ২০তম আসর।
ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই





