সম্পূর্ণ নীতিবহির্ভূত ও চুক্তি বিরোধী কাজ করায় ওয়েস্ট ইন্ডিজে সব ধরনের সফর বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত শনিবার ভারতের মাটিতে চতুর্থ এক দিনের ম্যাচ শেষে ভারত ত্যাগ করে ওয়েস্ট ইন্ডিজ দল। নিজেদের বোর্ডের সাথে বেতন নিয়ে ঝামেলায় সফর শেষ না করেই ভারত ত্যাগ করে উইন্ডিজরা। খবর বিবিসি'র।
মঙ্গলবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এ ধরনের নিয়মবিরুদ্ধ আচরণ করায় ওয়েস্ট ইন্ডিজে সব ধরনের সফর বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের।
শুধু তাই নয়, চুক্তি বিরোধী কাজ করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে যাচ্ছে বিসিসিআই।
উল্লেখ্য, ভারত আগামী মাসের ২ তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে খেলবে। সূত্র: বিবিসি
এসএমএ





