বিশ্বকাপ বাছাইপর্বের এবারের সূচিতে কোনো ম্যাচই জিততে পারল না লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। প্রথমে চিলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় পেল না লিওনেল স্কালোনির দল।

বুধবার ভোরে কলম্বিয়ার মাঠে খেলতে গিয়ে ২-২ গোলে ড্র করেছেন লিওনেল মেসিরা। ম্যাচের আট মিনিটের মধ্যেই জোড়া গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরে ৫১ মিনিটে গোল হজম করলেও, জয়ের পথেই এগুচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল খেয়ে স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই বাড়ি ফিরেছে আর্জেন্টাইনরা। পয়েন্ট খোয়ানোর পাশাপাশি গুরুতর চোটের কারণে শুরুর একাদশের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও হারিয়েছে আর্জেন্টিনা।

অথচ পুরো ম্যাচজুড়েই দারুণ সব সুযোগ তৈরি করেছে আর্জেন্টিনা, জাগিয়েছে গোলের সম্ভাবনা। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনার দুর্দান্ত সব সেভের কারণে প্রথম দশ মিনিট পর আর গোলের দেখাই পায়নি তারা। উল্টো শেষ সময়ের গোলে দুইটি মূল্যবান পয়েন্ট খুইয়েছে আলবিসেলেস্তেরা।

আগের ম্যাচে চিলির সঙ্গে প্রথম গোল করেও শেষ পর্যন্ত জেতা হয়নি আর্জেন্টিনার। আজও প্রায় একই চিত্র। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ডান দিক থেকে করা রদ্রিগো ডি পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে ওঠা হেডে গোলটি করেন সিরি 'আ'র ২০২০-২১ মৌসুমের সেরা ডিফেন্ডার।

দ্বিতীয় গোল পেতে মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। অধিনায়ক লিওনেল মেসি ডি-বক্সের মধ্যে শট নিতে ব্যর্থ হন। তবে সেই বল ক্লিয়ার করতে পারেনি কলম্বিয়া। ফলে পেয়ে যান লেয়ান্দ্র পারেদেস। পরে লাউতারো মার্টিনেজের কাছ থেকে পাওয়া ফিরতি পাস ধরে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন পিএসজি মিডফিল্ডার।

এমআর