শেষ অবধি ভারতকে জয়ের জন্য ১৮৩ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ক্যারিবীয়রা। দলীয় ৮৫ রানেই ৭ উইকেট হারিয়েছে তারা। তবে অধিনায়ক জেসন হোল্ডার ৫৭ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি ২৬ রানের ইনিংস খেলেছেন দলকে লড়াই করার মতো পুঁজি দেওয়ার প্রচেষ্টায়। যদিও খুব বেশি দূর দলকে টেনে নিতে পারেননি তারা। ইনিংসের ৪৪.২ ওভারে হোল্ডার আউট হলে ১৮২ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জয়ের জন্য তাই ভারতের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৮৩ রান।
অস্ট্রেলিয়ার পার্থে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে ভারতীয় বোলিং তোপে নাকাল হচ্ছে দলটি। দলীয় ৬৫ রানেই সাজঘরে ফিরেছেন ওপেনার ডোয়াইন স্মিথ (৬), স্যামুয়েলস (২), ক্রিস গেইল (২১), দিনেশ রামদিন (০) ও সিমন্সের (৯) মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা।
ভারতীয় দলে একটি পরিবর্তন রয়েছে। পেসার ভুবনেশ্বর কুমারের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন বোলার মোহাম্মদ সামি। আর ওয়েস্ট ইন্ডিজ দলে সুলেইমান বেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কেমার রোচ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১৮২/১০, ওভার ৪৪.২ (হোল্ডার ৫৭, স্যামি ২৬; সামি ৩/৩৫, জাদেজা ২/২৭, যাদব ২/৪২)
জেআই





