বিশ্বকাপের পর খেলোয়াড়দের দল-বদলের হিড়িক পড়েছিল ইউরোপের ক্লাবগুলোতে। লিগ শুরু হওয়ার আগে দলকে শক্তিশালী করতে তারকা ফুটবলারদেরকে দলে ভিড়িয়েছে তারা। এবারে দল-বদলে সবচেয়ে দামী ১০ খেলোয়াড়ের পরিচয় জেনে নেয়া যাক।

এবার সবচেয়ে দামী খেলোয়াড়ের জায়গা দখল করেছেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ। বিশ্বকাপে 'কামড়' দেয়ার ফলে ফুটবল থেকে নিষিদ্ধ হলেও ৮৮ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে তাকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

সুয়ারেজের পরেই রয়েছেন আরেক লাতিন তারকা জেমস রদ্রিগেজ। ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কলম্বিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নিয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাকে দলে নিতে ৮০ মিলিয়ন ইউরো খরচ করেছে সবচেয়ে বেশি আয় করা ক্লাবটি।

এরপর ৪৯.৫ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে চেলসি থেকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তার দল-বদলের ফি এখন পর্যন্ত কোনো ডিফেন্ডারের জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করার রেকর্ড।

তবে চেলসি তাদের অর্থ বসিয়ে রাখেনি। ৪৪ মিলিয়ন ইউরো খরচ করে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ডিয়াগো কোস্টাকে নিয়ে এসেছে ইংলিশ ক্লাবটি।

পঞ্চম স্থানে রয়েছেন অ্যালেক্সিস সানচেজ। বার্সেলোনা থেকে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছেন এই চিলিয়ান ফরোয়ার্ড। ৪০ মিলিয়ন ইউরোতে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যত্ব গ্রহণ করেছেন তিনি। এর ফলে ইংলিশ ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।

সানচেজের পিছনেই রয়েছেন লুক শা। সাউদাম্পটন থেকে তাকে দলে নিতে ৩৭.৮ মিলিয়ন ইউরো খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী তরুণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন লুক।

লুকের নতুন সতীর্থ আন্দ্রে হেরেরা রয়েছেন তার পরের স্থানে। অ্যাথলেটিক বিলাবাওর সাবেক মিডফিল্ডারকে দলে নিতে ৩৬.৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছে ইংলিশ ক্লাবটি। এদিকে বার্সা থেকে আবার প্রিমিয়ার লিগে ফেরা সেস ফেব্রিগাস রয়েছেন আট নম্বরে। ৩৬ মিলিয়ন ইউরোতে তাকে দলে নিয়েছে চেলসি।

ফেব্রিগাসকে দলে নিলেও রোমেলু লুকাকুকে ছেড়ে দিতে হয়েছে চেলসিকে। ৩৫.৩ মিলিয়ন ইউরোতে এভারটনে যোগ দিয়েছেন লুকাকু। আর ৩১.৫ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন অ্যাডাম লাল্লানা।

শীর্ষ ১০ খেলোয়াড়দের তালিকা:

১. লুইজ সুয়ারেজ-৮৮ মিলিয়ন ইউরো-লিভারপুল থেকে বার্সেলোনা

২. জেমস রদ্রিগেজ-৮০ মিলিয়ন ইউরো-মোনাকো থেকে রিয়াল মাদ্রিদ

৩. ডেভিড লুইজ-৪৯.৫ মিলিয়ন ইউরো-চেলসি থেকে পিএসজি

৪. ডিয়াগো কোস্টা-৪৪ মিলিয়ন ইউরো-অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসি

৫. অ্যালেক্সিস সানচেজ-৪০ মিলিয়ন ইউরো-বার্সেলোনা থেকে আর্সেনাল

৬. লুক শা-৩৭.৮ মিলিয়ন ইউরো-সাউদাম্পটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

৭. আন্দ্রে হেরেরা-৩৬.৫ মিলিয়ন ইউরো-অ্যাথলেটিক বিলাবাও থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

৮. সেস ফেব্রিগাস-৩৬ মিলিয়ন ইউরো-বার্সেলোনা থেকে চেলসি

৯. রোমেলু লুকাকু-৩৫.৩ মিলিয়ন ইউরো-চেলসি থেকে এভারটন

১০. অ্যাডাম লাল্লানা-৩১.৫ মিলিয়ন ইউরো-সাউদাম্পটন থেকে লিভারপুল

ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই