দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪২ রান তাড়া করতে নেমে ৮০ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন, কিউইদের জয় পাওয়া খুব একটা সহজ হবে না।
শেষ পর্যন্ত এই ম্যাচে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড, চার উইকেটে হারিয়েছে প্রোটিয়াদের।
বুধবার (২০ জুন) ইংল্যান্ডের বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামার আগে বৃষ্টির বাগড়ায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করে তারা।
অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে আবার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। এই হারে ছয় ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে শেষ চারের দৌড়ে অনেকটাই ছিটকে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
এদিন নিউজিল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান দলটির অধিনায়ক কেন উইলিয়ামসনের। ১৩৮ বলে ১০৬ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন তিনি। তাঁকে যোগ্য সহায়তা দেন কলিন ডি গ্র্যান্ডহোম। তিনি ৪৭ বলে ৬০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা একাদশ: ২৪১/৬ (৪৯ ওভার) (ডি কক ৫, আমলা ৫৫, প্লেসিস ২৩, মারক্রাম ৩৮, ডুসেন ৬৭*, মিলার ৩৬, ফেলকায়ো ০, মরিস ৬*; হেনরি ৩৪/০, বোল্ট ৬৩/১, ফার্গুসন ৫৯/৩, গ্রান্ডহোম ৩৩/১, স্যান্টনার ৪৫/১)
নিউজিল্যান্ড একাদশ: ২৪২/৬ (৪৮.৩ ওভার) (গাপটিল ৩৫, মুনরো ৯, উইলিয়ামসন ১০৩*, টেইলর ১, লাথাম ১, নিসাম ২৩, গ্রান্ডহোম ৬০, স্যান্টনার ২*; রাবাদা ৪২/১, এনগিডি ৪৭/১, মরিস ৪৯/৩, ফেলকায়ো ৬২/১, তাহির ৩৩/০)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
এমবি





