বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের রাত জাগা যেন সার্থক হলো। তৃপ্তি নিয়ে ঘুমোতে যাবেন সমর্থকরা। এমন সময়ে হঠাৎ চমকে উঠার মতো খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টিতে তিনি সাবেক হয়ে গেছেন!
তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর চারটার দিকে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।
২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরইমধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।
এইচএন





