অবশেষে অমীমাংসিতভাবেই শেষ হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনও বৃষ্টিতে ভেসে গেল।

রোববার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। আশায় আশায় প্রহর গুণে অবশেষে বেলা ১টার দিকে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শুধু টেস্টের প্রথম দিনই ব্যাট-বলের লড়াই হয়েছে। প্রথম দিন টস জিতে ব্যাটিং-এ নেমে ৮৮ দশমিক ১ বল মোকাবেলা করে ৮ উইকেটে ২৪৬ রান তুলেছিল স্বাগতিক বাংলাদেশ।

দলের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ৬৫, মোমিনুল হক ৪০, সাকিব আল হাসান ৩৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ ও ইমরুল কায়েস ৩০ রান করেন। সফরকারী দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার ডেল স্টেইন ও স্পিনার জেপি ডুমিনি ৩টি করে উইকেট শিকার করেন।

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের মাঠে শেষ দুই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ফলে ম্যাচটি ড্র হয়েছিল।

এবার ঢাকার মিরপুরে চার দিনের মধ্যে শুধু একদিন খেলা হয়েছে। ম্যাচটি এখন ড্র ঘোষণা করার ক্ষণ গুনছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের উভয় ম্যাচই ড্র হল।

প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারলেও ওয়ানডে সিরিজে দাপট দেখিয়েছে। প্রথম ম্যাচটিতে না জিতলেও শেষ দুই ম্যাচে আফ্রিকার দলটিকে কোনো পাত্তাই দেয়নি পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ী টাইগাররা।

জেডআই