নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সহসা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না বাংলাদেশের। কোয়ারেন্টিন ইস্যুতে স্থগিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তবে লঙ্কা সফর না হলেও তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে ঘরের মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট’স কাপ।

তিন দলের নেতৃত্ব আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়কদের নামেই নামকরণ করা হয়েছে দলগুলোর। গতকাল শুক্রবার আরেক দফা করোনা টেস্ট করানো হয় ক্রিকেটারদের। টেস্ট শেষে আজ শনিবার টিম হোটেলে উঠবেন তাঁরা। এরপর আগামীকাল থেকে শুরু ওয়ানডে টুর্নামেন্ট।

তিন দলের টুর্নামেন্টে নেই কোনো পৃষ্ঠপোষক। তবুও খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কার দিয়ে অনুপ্রাণিত করতে সব ব্যবস্থা করেছে বিসিবি। রেখেছে মোটা অঙ্কের প্রাইজমানি। থাকছে ম্যাচসেরা, টুর্নামেন্ট-সেরার পুরস্কারও। সব মিলিয়ে মূল খেলা ফেরার আগে ভালোভাবেই প্রস্তুতি সারতে চাইছে বিসিবি।

টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৩ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। খেলা শুরু হবে দুপুর দেড়টায়। টুর্নামেন্টের ফাইনাল সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। এ ছাড়া বাকি ম্যাচগুলো ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া হবে।

এমআর