বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে চলতি সফর শুরু করেছিল শ্রীলংকা। মিরপুরের মাঠে ম্যাচটিতে বড় ব্যবধানে জয় পেয়েছিল তারা। তবে শুরু থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল বাংলাদেশ। চট্টগ্রামের মাঠে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মুশফিকদের। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই হেরেছে শেষ বলে। এবার প্রথম ওয়ানডেতে জয়ের জন্য তাদেরকে ১৮১ রানের লক্ষ্য বেধে দিয়েছে লংকানরা।
সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। ফলে ৫০ ওভারের খেলা কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টসের ভাগ্য দেবতা প্রসন্ন হয় বাংলাদেশের উপর। আর টস জিতে প্রথমে ফিল্ডি বেছে নেন অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথমে বোলিংয়ের সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে স্বাগতিক বোলাররা। প্রথম উইকেটটি শিকার করতে ২২ রান অপেক্ষা করলেও ৬৮ রানের মধ্যেই লংকানদের ৮টি উইকেট শিকার করে তারা।
তিন রান করা তিলকারত্নে দিলশান আউট হওয়ার পর একে একে সাজঘরে ফিরে যান বাকি ব্যাটসম্যানরা। ওপেনার কুসল পেরেরার ২০ রান ও চান্দিমালের ১৩ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
কিন্তু সিংহবাহিনীর লেজের কাছে ব্যর্থতার পরিচয় দিতে হলো টাইগারদের। ৬৭ রানে ৮ উইকেট হারানো শ্রীলংকার হাল ধরেন থিসারা পেরেরা ও সচিত্রা সেনানায়েক। তাদের ব্যাট ভর করেই বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন স্কোর ১৪৭ রান পার করে সফরকারীরা। এখানেই শেষ করেননি তারা। গড়ে তুলেছেন ৮২ রানের জুটি। এরপর সচিত্রা সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। তবে মাঠ ছাড়ার আগে ৪৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩০ রান করেছেন তিনি।
এদিকে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করা থিসারা পেরেরা ইনিংস শেষ করেই মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত ৫৭ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটেই নির্ধারিত ৪০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। বাংলাদেশের বোলার রুবেল হোসাইন, আরাফাত সানি ও সাকিব আল হাসান দুটি করে উইকেট পেয়েছেন।
ঢাকা,১৭ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই