ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেইল, কোহলি ও ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেছে কলকাতা নাইট রাইডার্স।

সোমবার রাতের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮৩ রান করেও চ্যালেঞ্জ জানাতে পারেনি সাকিবের কলকাতা। বেঙ্গালুরু জিতেছে ৯ উইকেটে।

প্রথমে ব্যাট করতে নেমে গম্ভীর করেন ৩৪ বলে ৫১। তিনে নেমে ৩৫ বলে ৫০ মনিশ পান্ডে।

শেষ দিকে চোখধাঁধানো কিছু শটে আন্দ্রে রাসেল ১৯ বলে অপরাজিত ৩৯। সঙ্গে সাকিবের ছোট্ট ঝড়। ইনিংসের শেষ দিকে সুযোগ পেয়ে ১১ বলে করেছিলেন অপরাজিত ১৮। রাসেল ও সাকিব জুটি মিলে করে ২৮ বলে ৫৮ রান।

সবার মিলিত চেষ্টায় কেকেআর'র পুঁজি দাঁড়ায় ১৮৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তুলেন আগের ৫ ম্যাচ মিলিয়ে ১৯ রান করা ক্রিস গেইল। এদিন সাকিবদের বিপক্ষে জ্বলে উঠেন তিনি। ৪ ছক্কায় ৩১ বলে ৪৯ রান করেন তিনি।

৭১ রানের উদ্বোধনী জুটির পর গেইল আউট হন সুনিল নারাইনের অসাধারণ এক আর্মারে।

অন্যদিকে সাকিবের বলে ক্যাচ তুলে দিয়েও জীবন পাওয়া কোহলি ভয়ঙ্কর হয়ে ওঠেন। তাকে যোগ্য সঙ্গ দেন অপ্রতিরোধ্য ডি ভিলিয়ার্স।

দুইজন মিলে গড়েন শতরানের জুটি। ৬৭ বলে অবিচ্ছিন্ন ১১৫। ৫১ বলে ৭৫ রানে অপরাজিত কোহলি। আর ৩১ বলে ৫৯ করেন ডি ভিলিয়ার্স। দুজনের ইনিংসেই ৫টি চার, ৩টি ছয়। আর তাতেই বিধ্বস্ত কলকাতা। কোহলি গড়েছেন আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৫২)।

এমবি