তিন দলের পর এবার ৫ দল নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। এই টুর্নামেন্টের ড্রাফটের জন্য ১৬০ জন খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছে বিসিবি।
চলতি মাসের মাঝের দিকে পর্দা উঠার কথা ছিল এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। তবে ঠিক সময়ে আলোর মুখ দেখছে না বঙ্গবন্ধু কাপ। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ২১ বা ২২ নভেম্বর।
শনিবার (০৭ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।
বোর্ড পরিচালক বলেন, “সম্ভবত আমাদের ২১ বা ২২ তারিখের দিকে ইনশাআল্লাহ টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে। নির্দিষ্ট হলে সবকিছু আমরা আপনাদের জানিয়ে দেব।”
এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের বাছাই প্রক্রিয়া হবে ড্রাফটের মাধ্যমে। এর জন্য ১৬০ ক্রিকেটারের লম্বা তালিকাও প্রস্তুত করেছে বিসিবি। পাঁচ দলের এই ড্রাফট হবে আগামী ১২ নভেম্বর।
আকরাম খান বলেন, “ড্রাফট সম্ভবত ১২ তারিখে করছি এবং প্রায় ১৬০টার মতো খেলোয়াড়ের আমরা তালিকা করেছি। আমাদের ৯ আর ১০ তারিখে ফিটনেস টেস্ট আছে। আর যেটা হলো, স্পন্সরটা এখনো ৯০ শতাংশ ঠিক হয়েছে। কিন্তু এখনো কিছু ফরমালিটিজ বাকি আছে, ঐটা হলে আমরা কনফার্ম করব।”
ড্রাফটে নাম থাকা ১৬০ ক্রিকেটারকে চার ভাগে বিভক্ত করেছে বিসিবি। ফেলা হয়েছে এ, বি, সি, ডি ক্যাটাগরিতে। যেখানে এ ক্যাটাগরির খেলোয়াড়রা পারিশ্রমিক পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা।
আকরাম খান জানান, যারা নিচের ক্যাটাগরিতে আছেন, তাদের মূল্য ধরা হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা।
এমবি





