উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণের কয়েকদিন পর তিনি শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট করিমভ মারা গেছেন এবং তার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন।
এর আগে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে শুক্রবার এক সরকারি ভাষ্যে এ তথ্য জানানো হয়। সরকারের একটি ওয়েবসাইটে পোস্ট করা এই বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। চিকিৎসকদের মতে তিনি এখন সঙ্কটাপন্ন।’
গেল ২৪ ঘণ্টায় ৭৮ বছর বয়সী করিমভের স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত রিপাবলিক থেকে স্বাধীন হওয়ার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছেন করিমভ।
গত রোববার উজবেক সরকার জানিয়েছিল, করিমভ চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এরপরদিন প্রেসিডেন্ট করিমভের মেয়ে বলেন, তিনি (করিমভ) মস্তিষ্কে প্রদাহতে ভুগছেন।
অতীতে দেশটির প্রেসিডেন্টের স্বাস্থ্যসম্পর্কিত খবরাখবর রাষ্ট্রীয় গোপন বিষয় হিসেবে গণ্য হয়েছে।
এমএনজে





