মাদ্রিদ ডার্বিতে আরেকবার বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এবারের মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বুধবার ঘরের মাঠ ভিসেন্টে ক্যালদেরনে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্বাগতিকরা।
ম্যাচে প্রথমার্ধে বেশি সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সফরকারীদেরকে রুখে দিতে প্রায় একাই ম্যাচের মূল কারিগর ছিলেন গোলরক্ষক জ্যাক ওবলাক। বেশ কয়েকটি অসাধারণ গোলের সুযোগ নষ্ট করে রিয়ালকে বারবার হতাশ করেছেন এই গোলরক্ষক।
বিরতির পরে পেনাল্টি এরিয়ার মধ্যে মারিও মানজুকিচকে ঘুষি মারার পরেও ডিফেন্ডার ডানি কারভাজাল রেফারির চোখ এড়িয়ে গেলে ম্যাচে উত্তেজনা বৃদ্ধি পায়।
এই নিয়ে এবারের মৌসুমে চতুর্থবারের মত ক্যালদেরনে গোল করতে ব্যর্থ হলো রিয়াল। আর এই নিয়ে সাতটি ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো রিয়ালের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো।
আগামী ২২ এপ্রিল সানাতিয়াগো বার্নাব্যুতে অষ্টমবারের মত দুই দল একে অপরের মোকাবেলা করবে।
জেডআই





