আলেকজান্ডার সেফেরিন ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি সেফেরিন নির্বাচনে নেদারল্যান্ডসের মিকায়েল ভ্যান প্রাগকে পরাজিত করেন।

বুধবার গ্রীসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত ইউয়েফার কংগ্রেসে সেফেরিন পান ৪২ ভোট আর প্রাগ পান ১৩ ভোট। ৪৮ বছর বয়সী সেফেরিন ফরাসি তারকা ফুটবলার মিশেল প্লাতিনির স্থলাভিষিক্ত হলেন।

অবৈধ লেনদেনের অভিযোগে গত বছর ফুটবলের সবধরনের কর্মকান্ড থেকে প্লাতিনিকে নিষিদ্ধ করে ফিফা। ২০০৬ থেকে দায়িত্ব পালন করা প্লাতিনির মেয়াদ ছিল ২০১৯ পর্যন্ত। সেফেরিন এখন সেই সময় পর্যন্তই দায়িত্ব পালন করবেন। এরপর নতুন নির্বাচন হবে।

এ দায়িত্ব পাওযাকে বিরাট গর্বের বলে উল্লেখ করেন সেফেরিন বলেন, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব। আমার ছোট অথচ সুন্দর দেশ স্লোভেনিয়াও এ জন্য গর্বিত। আমি আশা করি আপনারাও একদিন আমার জন্য গর্বিত হবেন।’ পেশায় আইনজীবী আলেকজান্ডার সেফেরিন ২০১১ থেখে স্লোভেনিয়ান ফুটবলের দায়িত্ব পালন করছেন।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন প্রাগকে সমর্থন করেছিল। আর স্কটল্যান্ড ছিল সেফেরিনের পক্ষে। তবে হারের পর প্রাগ সেফেরিনকে সমর্থন জানিয়ে বলেন, আমার আর তার লক্ষ্য একই। আমরা আরও সুন্দর এক ইউয়েফা গড়তে চেয়েছিলাম। তবে আমার মতো করে আর সে তার মতো করে করতে চেয়েছিল।’

এম এ