ম্যাচ পাতানোর অভিযোগের শাস্তি শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। ওমর অ্যাসোসিয়েটসের হয়ে খেলছেন প্যাটরনস ট্রফি (গ্রেট-২) ক্রিকেট টুর্নামেন্ট।
আমিরের অসাধারণ বোলিংয়ে ভর করে ওমর অ্যাসোসিয়েটস টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। রোববার থেকে শুরু হয়েছে তিন দিনের এই টুর্নামেন্টের ফাইনাল। কিন্তু দুর্ভাগা আমিরের আর খেলা হচ্ছে না।
সোমবার টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয় দিনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তরুণ এ পেসার। সে কারণে দ্বিতীয় দিনে মাত্র ১০ ওভার বল করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফের সঙ্গে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন আমিরও। নিষেধাজ্ঞা কাটিয়ে আইসিসির অনুমতিক্রমে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। আগামী সেপ্টেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।
ওমর অ্যাসোসিয়েটসের হয়ে প্রথম শ্রেনিরও নিচের টুর্নামেন্ট খেলতে শুরু করেন। এই টুর্নামেন্টে ভালো খেলার মাধ্যমে তিনি নির্বাচকদের নজর কাড়তে চেয়েছিলেন। খেলেছেনও দারুণ। কিন্তু ফাইনালে এসে ইনজুরিতে পড়লেন।
মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নেওয়া মোহাম্মদ আমির বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারক্ষেত্রে আমার উপর আইসিসির যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা সেপ্টেম্বরের ২ তারিখ শেষ হবে। এরপর বাকিটা বোর্ডের উপর নির্ভর করবে যে তারা কিভাবে আমার ফিটনেস ও পারফরম্যান্স মূল্যায়ন করে। আশা করছি আমি গ্রেড ২ ও সুপার টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করতে পারব। বাকিটা নির্বাচকদের হাতে।’
ইআর





