টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। প্রতিশোধ নিতেই এই ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। তাদের প্রতিশোধ নেয়াটা আরো সহজ করে দিল বৃষ্টি। ডি/এল পদ্ধতিতে ২৭ রানে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে নাম লিখিয়েছে লংকানরা।
ম্যাচটিতে ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে বৃষ্টির আগে ১৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করতে পারে তারা। জয়ের জন্য দরকার ছিল আরো ৮১ রান। হাতে ছিল মাত্র ৩৭টি বল। ডি/এল পদ্ধতির হিসাবে ২৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লক্ষ্য তাড়া করতে নেমে স্মিথ মারমুখী ব্যাটিং শুরু করেন। তবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন গেইল। তবে ১৩ বলে ৩ রান করা গেইলকে শুরুতে বোল্ড করে দেন মালিঙ্গা। ২৫ রানে প্রথম উইকেট হারানো ক্যারিবীয়রা আর তিন রান সংগ্রহ করতে আরো এক উইকেট হারায়। এবার স্মিথকে বোল্ড করে দেন সেই আগুন ঝরানো বোলিং করা মালিঙ্গা। ২৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন স্যামুয়েলস। আর রানের খাতা খোলার আগেই বৃষ্টির কারণে মাঠ থেকে উঠে গেছেন ড্যারেন সামি।
এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে লংকান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে তার দল।
চতুর্থ ওভারের শেষ বলে কৌশল পেরেরাকে বোল্ড করে ক্যারিবীয়দেরকে প্রথম সাফল্য এনে দেন ক্রিসমার সানতোকি। ক্রিজে এসে কোনো বল মোকাবিলা করার আগেই রান আউট হয়েছেন জয়াবর্ধনে। ৪১ রানে পর পর দুটি উইকেট হারানো লংকানদের ঘুরে দাঁড়ানোর আগে আরেকবার আঘাত হানেন বাদ্রি। ফিরতি ক্যাচ ধরে ১ রান করা সাঙ্গাকারাকে মাঠ থেকে বিদায় করে দেন তিনি।
তবে ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের রানের চাকা ঘুরাতে থাকেন দিলশান। তাকে সঙ্গ দেন থিরিমান্নে। তাদের জুটি থেকে আসে ৪৪ রান। এরপর সিমন্সের কাছে রান আউটের ফাঁদে পড়েন দিলশান। মাঠ ছাড়ার আগে ৩৯ বলে ৩৯ রান করেছেন তিনি।
তবে রানের চাকা সচল রাখেন থিরিমান্নে। ৩৫ বলে ৪৪ রান করে সানতোকির বলে সিমন্সের হাতে ক্যাচ আউট হন তিনি। শেষ দিকে ম্যাথুস ধুম-ধাড়াক্কা ব্যাট করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। শেষ বলে আউট হওয়ার আগে ৩১ রান করেন তিনি। ২০ বলে ২টি চার ও একটি ছক্কা হাঁকান এই ব্যাটসম্যান।
ক্যারিবীয় বোলার সানতোকি ৪ ওভারে ৪৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।