চলতি কাতার বিশ্বকাপে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেই একের পর এক আক্রমণ করেছে রেকর্ড পাঁচবারের বিশ্বসেরা দল ব্রাজিল। তবুও ব্রাজিলকে প্রথমার্ধে গোল করতে দিলো না ক্যামেরুন। ফলে গোলশূন্য থেকে বিরতিতে গেছে দুই দল।

শুক্রবার (২ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ১০ পরিবর্তন নিয়ে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। তবুও প্রথম থেকেই আক্রমণ চালায় সেলেসাওরা। তবে ম্যাচের ষষ্ঠ মিনিটে বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় অ্যান্টোনির পায়ে মেরে দেন ক্যামেরুনের তোলো নৌহৌ। এই ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি।

তবে একটু পরেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওকেও কার্ড দেখা রেফারি। ফলে কিছুক্ষণ বল মাঝ মাঠেই কাড়াকাড়ি চলে। তবে একটু পরেই ব্রাজিল আক্রমণে নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে।

তবে নকআউটে নিজেদের জায়াগা করে নেওয়ার জন্য ক্যামেরুন বেশ লড়াই চালিয়ে যায়। যার কারণে ব্রাজিলের খেলোয়াড়দের বেশ কয়েকবার ফাউল করে বসে। এতে ম্যাচের ২৮ মিনিটে পিয়েরে কুন্দে ও ৩২ মিনিটে কলিন্স ফাই হলুদ কার্ড দেখেন। তবুও ব্রাজিল গোলের দেখা পায়নি।

ক্যামেরুনের গোলকিপার ডেভিড ইপাসি প্রায় নিশ্চিত দুই গোল বাঁচিয়ে ব্রাজিলকে প্রথমার্ধে গোলবঞ্চিত করেন। উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে গোল পেয়েই যাচ্ছিল ক্যামেরুন। তবে ব্রাজিলের গোলরক্ষক এডারসনের দৃঢ়তায় রক্ষা পেয়েছে সেলেসাওরা।

এবিএস