শ্রীলঙ্কার মাটিতে গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগ মুর্হূতে ধাক্কা খায় অসিরা। আঙুল ভেঙ্গে যাওয়ায় লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সিন অ্যাবট।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, নেটে অনুশীলনে ব্যাট করার সময় বাম তর্জনীতে আঘাত পান অ্যাবট। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরা পড়েছে।

শ্রীলঙ্কা সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি দলেই ছিলেন অ্যাবট। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার কথা ছিল অ্যাবটের। অস্ট্রেলিয়া জাতীয় দলের পাশাপাশি শ্রীলঙ্কা সফরে রয়েছে অসিদের ‘এ’ দলও।

সিরিজের বাকি অংশে অ্যাবটের বিকল্প হিসেবে কারো নাম ঘোষণা করেনি সিএ। অস্ট্রেলিয়া দলে রিজার্ভ পেসার হিসেবে রয়েছেন ঝাই রিচার্ডসন।

আর ‘এ’ দলে অ্যাবটের জায়গায় সুযোগ হয়েছে স্কট বোল্যান্ডের। দেশের হয়ে পাঁচটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলেছেন অ্যাবট।

এবিএস