আর কয়েকঘণ্টা পরেই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহাসংগ্রাম৷ একদিকে ক্রিস গেইল এবং অন্যদিকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তারই সতীর্থ বিরাট কোহলি৷

এপ্রিলের ৩ তারিখ কলকাতায় নামার ছাড়পত্র পেতে দুই দেশের ক্রিকেটভক্তরাই তাকিয়ে থাকবে এই দুই জনের দিকে৷

চলতি টুর্নামেন্টে ‘বিরাট’ফর্মে রয়েছেন কোহলি৷ অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে অবশ্য ব্যাটে তেমন রান পাননি ক্যারিবিয়ান দৈত্য৷ কিন্তু তাতে আশঙ্কা কমছে না ভারতীয় দলের৷

কারণ ‘গেইলঝড়’ কখন আসবে তা কেউ বলতে পারবে না৷ অন্তত আইপিএলের বহুম্যাচেই এর সাক্ষী থেকেছে ভারতীয় সমর্থকরা৷ আর ৪৮ রানে সেঞ্চুরি করে এই মাঠ থেকেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন গেইল৷

তবে তারা আশাবাদী বিপক্ষে গেইল থাকলেও এদিকে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন৷ যার বিরুদ্ধে কখোনই স্বাচ্ছন্দ্য থাকেন না বাঁ-হাতি ব্যাটসম্যানটি৷ এছাড়া রয়েছেন জসপ্রীত বুমরা৷ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও যিনি ছিটকে দিয়েছিলেন ক্রিসের উইকেট৷

শুধু গেইল বনাম অশ্বিন নন৷ উল্টোদিকে রয়েছে টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং ফর্ম দেখানো বিরাট কোহলিও৷ যাকে থামানোই এখন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের চিন্তা৷ তবে ক্যারিবিয়ান অধিনায়ককে আশার আলো দেখাতেই পারেন দলের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি৷ তিনিও গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছেন৷ এছাড়া সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় শীর্ষেও রয়েছেন ডানহাতি লেগস্পিনার৷

অন্যদিকে, এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না৷

কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন যুবরাজ সিং৷ তার গোড়ালির চোট এখনও সারেনি৷

অন্যদিকে, ছিটকে গিয়েছে অ্যান্দ্রে ফ্লেচারও৷ এই দুই জনের পরিবর্তে মনীশ পাণ্ডে ও লেন্ডল সিমন্সকে নেওয়া হয়েছে৷

যুবরাজ চোট পাওয়ায় সুযোগ পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন অজিঙ্ক রাহানে৷ তবে শেষ ম্যাচে ধোনির কথা অনুযায়ী, বিরাটকে বাদ দিয়ে এবার দায়িত্ব নেওয়ার সময় হয়েছে বাকি ব্যাটসম্যানদের৷ কারণ সেই গেইলঝড়৷

বৃহস্পতিবার ওয়াংখেড়ের পিচে তা যদি ওঠে তাহলে রোহিত-শিখররা পাল্টা মারেই তা বন্ধ করতে পারবেন৷ এখন দেখার এই যুদ্ধে কোন দল জিতে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার ছাড়পত্র অর্জন করে?

ওএফ