নিয়ম রক্ষার লড়াইয়ে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সামনে ১৫১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে। ওপেনার দিনেশ চান্দিমালের পর অর্ধশতক হাঁকান দিলশান।
টস হেরে শ্রীলঙ্কার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন দিনেশ চান্দিমাল এবং দিলশান। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন মোহাম্মদ আমির।
ইনিংসের ১৫তম ওভারে ওয়াহাব রিয়াজ ফেরান ওপেনার চান্দিমালকে। শারজিল খানের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৫৮ রান। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৭টি চার আর একটি ছক্কার মার। আউট হওয়ার আগে দিলশানের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন চান্দিমাল।
চান্দিমালের পর বিদায় নেন জয়সুরিয়া। শোয়েব মালিকের করা ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে শারজিল খানের হাতে ধরা পড়েন ৪ রান করা জয়সুরিয়া।
১৮তম ওভারে দুটি উইকেট তুলে নেন পেসার ইরফান মোহাম্মদ ইরফান। প্রথম বলে কাপুগেদারাকে (২) বোল্ড করেন ইরফান। সেই ওভারের তৃতীয় বলে বোল্ড করেন দাসুন শানাকাকে।
দিলশান ৭৫ রান করে অপরাজিত থাকেন। ৫৬ বল মোকাবেলা করে ডানহাতি এ ওপেনার ১০টি চার আর একটি ছক্কা হাঁকান।
টুর্নামেন্টে এই ম্যাচের গুরুত্ব না থাকায় ইনজুরিতে পড়া লাসিথ মালিঙ্গাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। অন্যদিকে ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে বিশ্রাম দেয়া হয়েছে। ম্যাথুজের জায়গায় একাদশে ঢুকেছেন নিরোসান তিকওয়ালা।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছেন আফ্রিদি। যদি সেটি-ই হয়, তবে এটিই বাংলাদেশের মাটিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ভারতের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ অভিযান শুরু করা পাকিস্তান পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে ছন্দে ফেরার ইঙ্গিত দেয়। তবে বুধবার বাংলাদেশের কাছে হেরে ফাইনালের উঠার স্বপ্ন ‘বিসর্জন' দেয় শহিদ আফ্রিদির দল।
অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলেও বাংলাদেশের কাছে হেরে ফাইনালে উঠার পথ অনিশ্চিত হয়ে পড়ে শ্রীলঙ্কার। এরপর ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
এমবি





