প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই টাইগারদেরকে শুভ কামনা জানাতে সারা দেশে পতাকা হাতে শোভাযাত্রা বের করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বুধবার বিকাল ৪টায় টিএসসি থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতাকা শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামের একটি সংগঠন।

ইতোমধ্যে এই কর্মসূচি সফল করতে ফেসবুকে একাউন্টও খোলা হয়েছে। প্রচারণা চলছে বেশ জোরে-শোরেই। এছাড়া সকাল ১১টা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য, স্বোপার্জিত স্বাধীনতাসহ টিএসসি এলাকায় অবস্থান নিয়ে গান-বাজনায় মুখরিত রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকালে এই কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, ‘আমরা দেখেছি ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশকে সমর্থন জানিয়ে পতাকায় সারা দেশ ভরে যায়, শোভাযাত্রা হয়, তাহলে যখন বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলছে তখন আমরা ঘরে বসে থাকি কি করে? তাই আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে নিজের দেশের পতাকায় ভরে যায় সারা বাংলাদেশ।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠনটি এর আগে বিশ্বকাপে টাইগারদের শুভ কামনা জানিয়ে দেশব্যাপী জাতীয় পতাকা উড়ানোর কর্মসূচিও ঘোষণা করেছিল যা ব্যাপক সাড়া জাগিয়েছে।

এর ধারাবাহিকতায় ১৮ মার্চ বিকাল ৪টায় টিএসসি থেকে পতাকা শোভাযাত্রা করবেন তারা। একই সাথে বিভাগীয় শহরসহ সারাদেশে সকলকে বিশেষ করে শিক্ষার্থীদের পতাকা হাতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। দেশপ্রেমিক সকলকে এই কর্মসূচীতে অংশ নিয়ে জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানানোর আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক শক্তি হিসেবে অনলাইন ও রাজপথে সকলকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

জেডআই