দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেয়া ভারত, নিউজিল্যান্ডের মাটিতে নিজেরাই গুড়িয়ে গেল। শেষ টেস্টের প্রথম ইনিংস শেষে জয়ের স্বপ্ন দেখলেও ব্রেন্ডন ম্যাককালামের ইতিহাসের সঙ্গে ওয়াটলিং ও নীশামের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিদেরকে। ফলে চলতি সফরে জয়বঞ্চিতই থাকতে হয়েছে ভারতকে।
মঙ্গলবার টেস্টের শেষ দিনে ৫৭১ রান নিয়ে খেলা শুরু করে প্রথম ইনিংসে মাত্র ১৯২ রানে অল আউট হওয়া নিউজিল্যান্ড। আগের দিনের ২৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ব্রেন্ডন ম্যাককালাম এদিন ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে ৩০২ রান করে জহির খানের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি। তারপর ক্রিজে এসে ১১ রান করে টিম সাউদি আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেছেন নীশাম। চতুর্থ দিন শেষে ৬৭ রানে অপরাজিত থাকা এই ক্রিকেটার ১৩৭ রান নিয়ে অপরাজিত আছেন। আর আট উইকেটে ৬৮০ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ৫৪ রানে তিন উইকেট হারিয়ে অন্তত ড্রয়ের স্বপ্নটা ভেঙে যাওয়ার উপক্রম হয়। কিন্তু দলের হাল ধরেন বিরাট কোহলি। তার অপরাজিত ১০৫ রানের সঙ্গে রোহিত শর্মার ৩১ রানে ১৬৬ রানে পৌঁছায় ভারত। আর কোনো উইকেট না হারাতে পারায় ড্র মেনে নেয় দুই দল। ফলে জয়বঞ্চিত ভারতের সফলতা শুধু একটি ওয়ানডে ম্যাচে টাই করা ও শেষ টেস্টটি ড্র করা।
সংক্ষিপ্ত স্কোর:
টস: ভারত
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৯২/১০ (কেন উইলিয়ামসন ৪৭)
ভারত প্রথম ইনিংস: ৪৩৮/১০ (আজিঙ্কায় রাহানে ১১৮ ও শিখর ধাওয়ান ৯৮)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৬৮০/৮ (ডিক্লে.) (ব্রেন্ডন ম্যাককালাম ৩০২, জিমি নীশাম ১৩৭* ও ওয়াটলিং ১২৪)
ভারত দ্বিতীয় ইনিংস: ১৬৬/৩ (বিরাট কোহলি ১০৫*)
ফলাফল: ড্র
সিরিজ: ১-০ তে সিরিজ জিতল নিউজিল্যান্ড।
ঢাকা,১৮ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই