দারুণ সুযোগ পেলেও প্রথম ইনিংসে লিড নিতে পারেনি বাংলাদেশ। ২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা। অবশ্য ব্যাটসম্যানদের অসাধারণ দৃঢ়তায় আশাবাদী করে তুলেছে বাংলাদেশকে।

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনশেষে লাল-সবুজের দল ১৫২ রান করে ৩টি উইকেট হারায়। ১২৮ রানে এগিয়ে আছে তারা।

সাফল্য পেতে হলে সফরকারী ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে হবে। হাতে আছে ৭টি উইকেট, ৫৯ রানে অপরাজিত আছেন ওপেনার ইমরুল কায়েস।

এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজের মতো ব্যাটসম্যানরা এখনো ব্যাট করতে নামেননি। তাই প্রতিপক্ষের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আশা করতেই পারে বাংলাদেশ।

ব্যাটসম্যানদের কাছে ভালো সাফল্যে আশাবাদী মিরাজ আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এদিন আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে। কাল যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারে তাহলে প্রতিপক্ষের সামনে বড় স্কোর দাঁড় করানো সম্ভব হবে। আমার বিশ্বাস, ব্যাটসম্যানরা খুব একটা হতাশ করবেন না।’

অতিথি দলটির সামনে অন্তত ৩০০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় বাংলাদেশ। এ সম্পর্কে তরুণ অলরাউন্ডার বলেন, ‘যত বড় লক্ষ্য বেঁধে দেওয়া সম্ভব হবে, ততই ভালো হবে আমাদের জন্য। জয় পেতে হলে অন্তত ৩০০ রান প্রতিপক্ষের সামনে দাঁড় করাতে হবে। চতুর্থ ইনিংসে এই উইকেট ৩০০ রান চেজ করা খুব একটা সহজ হবে না।’

আসলেও তাই, প্রথম ইনিংসেই বাংলাদেশের বোলারদের মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই উইকেটে চতুর্থ ইংনিসে ভালো ব্যাট করা বেশ কঠিনই হবে।

এমবি