বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ থেকে পদত্যাগ করার পর নতুন চাকুরি পেয়েছেন শেন জার্গেনসেন। কিন্তু কোনো টেস্ট খেলুড়ে দেশে দায়িত্ব পাননি তিনি। ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র ফিজির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই অস্ট্রেলিয়ান। আগামী তিন বছরের জন্য ফিজির সিনিয়র পুরুষ দল, নারী ও বয়সভিত্তিক দলগুলোর কোচের দায়িত্ব পালন করবেন।
আপতত বড় কোনো পরীক্ষা দিতে হচ্ছে না জার্গেনসেনকে। আগামী অক্টোবরে ভারত সফর করবে তার দল। তবে টেস্ট খেলুড়ে দেশটির বিপক্ষে সিরিজ খেলার জন্য নয়। আইসিসি পূর্ব এশিয়া প্রশান্ত বিশ্ব ক্রিকেট লিগের বাছাইপর্বে লড়বে তার শিষ্যরা।
ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জার্গেনসেন বলেছেন, আগামী তিন বছরের জন্য ফিজির জাতীয় দলের কোচ হিসেবে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে। কারণ সিনিয়র পুরুষ দল, নারী এবং অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো জানান, আমার কাজ বেশিরভাগই ফিজির রাজধানী সুভায়। আমার প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী অক্টোবরে ও নভেম্বরে ভারতে। বিশ্ব ক্রিকেট লিগের বাছাই পর্বে খেলতে এই সফর করা হবে। এর মাধ্যমে দলটি ডিভিশন-৬ ওঠার সুযোগ পাবে। শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলে বিশ্ব টি-টোয়েন্টি বাছাই পর্বে খেলতে পারবে।
ক্রিকেট ফিজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অপরিচিত এই খেলার উন্নয়নের জন্য দেশটির স্পোর্টিং রেগুলেটরি বডি অর্থায়নের বিষয় নিশ্চিত করার পর জার্গেনসেনের নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই