ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনই ৩৪৩ রানের লিড নিয়ে নেয় ভারত। বিশাল লিড নিয়ে আজ শনিবার তৃতীয় দিন আর ব্যাট করতে না নেমে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলির দল। ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের লক্ষ্য ইনিংস ব্যবধানে হার এড়ানো। এর আগে ভারতীয় বোলার অশ্বিন-শামিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায়।

অবশ্য ব্যাট করতে নেমেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। শুরুতেই ৪ উইকেট হারিয়ে  চাপে পরেছে সফরকারীরা।

ইনিংসের শুরুতে মাত্র ৬ রানে উমেশ যাদবের বলে বোল্ড হন ইমরুল কায়েস। এর আগে প্রথম ইনিংসেও ৬ রানে যাদবের বলে সাজঘরে ফিরেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ইমরুলের পর আগের ইনিংসের মতো একই বোলার ইশান্ত শর্মার বলে কাটা পড়েন সাদমান ইসলাম। প্রথম ইনিংসের মতো এবারও ২৪ বলে ৬ রানে আউট হলেন তিনি।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪  উইকেটে ৪৮ রান। 

এরআগে গতকাল শুক্রবার দিনের শুরুতে চমক দেখিয়েছেন বাংলাদেশি পেসার আবু জায়েদ চৌধুরী। সকালের শুরুতে ফিরিয়েছেন চেতেশ্বর পুজারাকে। এরপর উইকেটে আসা কোহলিকে এক রানও করতে দিলেন না রাহি। অফ স্টাম্পের বাইরের বল কোহলি হয়তো ভাবতে পারেননি এতটা ভেতরে ঢুকবে। কোহলি ডিফেন্স করতে চাইলেন। কিন্তু বল কোহলিকে ফাঁকি দিয়ে লাগে পেছনের পায়ে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে ফলাফল আসে বাংলাদেশের পক্ষে। শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন কোহলি।

পরের দুই সেশন বাংলাদেশি বোলারদের যথেষ্ট ভোগান আগারওয়াল মায়াঙ্ক ও অজিঙ্কা রাহানের জুটি। চতুর্থ উইকেটে মায়াঙ্কের সঙ্গে ১৯০ রানের জুটি গড়েন রাহানে। দুই ব্যাটসম্যানে ভর করে বড় লিডের পথে এগোচ্ছিল ভারত। উইকেট পাওয়া তো দূরের কথা, দুই ব্যাটসম্যানকে কোনো পরীক্ষায়ই ফেলতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। সে মুহূর্তে অজিঙ্কা রাহানেকে আউট করলেন রাহি। চা বিরতির পর তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এ নিয়ে চারটি উইকেট শিকার করলেন এই বাংলাদেশি পেসার।

এর মধ্যে ডাবল সেঞ্চুরি করেন মায়াঙ্ক। ডাবল সেঞ্চুরির পর আরো ভয়ংকর হয়ে ওঠেন তিনি। শেষ সেশনে মায়াঙ্ক ঝড় থামান মেহেদী হাসান মিরাজ। এরপর উইকেটের দেখা পান এবাদত। কিন্তু শেষ সেশনে উইকেট নিয়ে তেমন লাভ হয়নি বাংলাদেশের। কারণ চতুর্থ উইকেটেই বড় সংগ্রহের ভিত গড়ে নেয় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। উইকেটে ৫০ রানে অপরাজিত ছিলেন জাদেজা। তাঁর সঙ্গে ২৪ রানে ছিলেন উমেশ যাদব।

এমআর