দীর্ঘ ২২ বছর পর শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শুক্রবার কলম্বোতে তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।

গলেতে সিরিজের প্রথম টেস্টে নাটকীয়ভাবে ৬৩ রানে পরাজিত হওয়ার পর কলম্বোর পি সারা ওভালে সোমবার শেষ হওয়া দ্বিতীয় ম্যাচে ২৭৮ রানে জয়ী হয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে সফরকারীরা।

তবে সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ ম্যাচে নামার আগে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে উভয় দলই নিজেদের ইনজুরি সমস্যা ও ব্যক্তিগত কিছু সমস্যা কাটিয়ে উঠতে স্বচেষ্ট থাকবে।

দ্বীপ রাষ্টটিতে ১৯৯৩ সালের পর কোন টেস্ট সিরিজ জিততে না পারা ভারতীয় দল ইনজুরির কারণে এ ম্যাচে দুই নিয়মিত ওপেনার মুরালি বিজয় ও শিখর ধাওয়ানকে পাচ্ছে না। পাচ্ছে না উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকেও।

পক্ষান্তরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারার অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে শ্রীলংকা। যে কারণে দলটির টপ অর্ডারে সৃষ্টি হয়েছে বিশাল শূন্যতা।

গত বছর আরেক গ্রেট মাহেলা জয়াবর্ধনে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় অভিজ্ঞতার অভাব রয়েছে লংকান দলে।

বর্তমান দলটিতে সর্বোচ্চ ৬২ টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ খেলেছেন ৫২ টেস্ট। কিন্তু দলের অন্য কোন খেলোয়াড়েরই ২২ ম্যাচের বেশি খেলার অভিজ্ঞতা নেই।

অবসর নেয়ার আগে শেষ দুই সিরিজে তিন ম্যাচের সব ক’টিতে সাঙ্গাকারার না খেলার সিদ্ধান্তের মূল্য ইতোমধ্যেই শ্রীলংকা দলকে দিতে হয়েছে। গত জুন মাসে পাকিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে সিরিজের শেষ খেলেননি তিনি। যে ম্যাচে সফরকারী পাকিস্তানের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে স্বাগতিক লংকানরা।

অধিনায়ক ম্যাথুজ বলেন, জয়ের মাধ্যমে সাঙ্গাকারাকে বিদায় দিতে না পারায় হতাশ তিনি। তবে লড়াইয়ে ফেরা ও সিরিজ জয়ের আত্মপ্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেডআই