তৃতীয় ম্যাচে ঘাম ঝরানো প্রচেষ্টায় ড্র করার সুবাদে ধবল ধোলাই এড়ানো গেলেও এবারের নিউজিল্যান্ড সফরে বেশ নাস্তানাবুদই হতে হলো ক্রিকেটের কথিত অন্যতম সেরা দল ভারতকে। বলা যায়, বাংলাদেশের কাছে বাংলাওয়াশ হয়ে শিক্ষাটা ভারতের ওপর বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। টাইগার ক্রিকেট দলের আদর্শ শিষ্য বটে! র‌্যাকিংয়ের সাত নম্বরে থাকা নিউজিল্যান্ড এক এক করে চারটি ওয়ানডে ম্যাচ জিতে ভারতীয় খেলোয়াড়দের নাকের পানি-চোখের পানি এক করে ফেলে। সম্প্রতি আইসিসি দখলে নিতে মোড়লগিরি দেখানো ভারতের সান্ত্বনা একটি মাত্র ম্যাচে ঘাম ঝরানো ড্র।
বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচটি ছিলো ভারতীয়দের মুখ রক্ষার। কিন্তু মহেন্দ্র সিং ধোনি বাহিনীকে মুখ রক্ষার সুযোগই দেয়নি ব্ল্যাকক্যাপস টিম। একরকম নাকানি-চুবানি খেতে হয়েছে শেষ ম্যাচে। ড্র'টা যেহেতু কোনো দলেরই জয় নয়, সেহেতু এই সিরিজকে ভারতীয়দের হোয়াইট ওয়াশের সিরিজও বলা যেতে পারে!
শেষ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক ধোনি। ব্যাট হতে কিউইরা প্রথমে সুবিধা করতে পারেনি। মার্টিন গাপটিল ও জেসি রাইডার ১৬ ও ১৭ রান করেন। তবে, দলকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।
উইলিয়ামসন ক্যারিয়ারের চতুর্থ শতকে কাছে গিয়েও ৮৮ রানে অ্যারোনের বলে আউট হন। কিন্তু ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলতে ভুল করেননি রস টেইলর। ১০৬ বল মোকাবেলা করে একটি ছয় ও ১০টি চারের বিনিময়ে ১০২ রান করেন তিনি। এছাড়া, অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ২৩ ও জেমস নিশাম ৩৪ রান করেন।
বল হাতে ভারতের পক্ষে দু'টি উইকেট নেন ভারুন অ্যারুন, একটি করে নিয়েছেন মোহম্মদ শ্যামি, ভুবনেশ্বর কুমার ও বিরাট কোহলি।
৩০৪ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের বোলিংয়ের কাছে দাঁড়াতেই পারেনি সেরা ব্যাটিং লাইনআপ'র দাবিদার ধোনির দল। ৩০ রানে তিন উইকেট হারিয়ে হতাশায় ডুবে ভারত। কিউইদের রানের চাপায় পড়ে হাহুতাশ করতে থাকা দলকে কিছুটা এগিয়ে নিতে চেষ্টা করেন বিরাট কোহলি। দলের পক্ষে সর্বাধিক ৮২ রানও আসে তার ব্যাট থেকে। এর আগে, ওপেনার রহিত শর্মা ও শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন ৪ ও ৯ রান করে।
অধিনায়ক ধোনি ৪৭ রানের ইনিংস খেলে উইলিয়ামসনের বলে নিশামের কাছে বল তুলে দেওয়ার পর আর কোনো ব্যাটসম্যান ঘুরে দাঁড়াতে পারেননি। ৪৯.৪ ওভারে ২১৬ রান সবকটি উইকেট হারিয়ে পরাজয় শিকার করে ভারত।
ধোনিদের ব্যাটিং লাইনআপে ধস নামান জেমস হেনরি। চারটি উইকেট নিয়ে মূলত ২২ বছর বয়সী এই ডানহাতি ফাস্টবোলারই নিজের অভিষেক ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে রুদ্ররূপে আভির্ভূত হন। দু'টি করে উইকেট নেন কাইল মিলস ও কেন উইলিয়ামসন। আর একটি করে উইকেট নিয়ে দলকে জয়ী করার কৃতিত্বে ভাগ বসান নিশাম ও ম্যাককলাম।
ঢাকা,৩১জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই