শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে ভারত। চতুর্থ ও পঞ্চম দিন মিলে আর মাত্র ১৫৩ রান সংগ্রহ করলেই সিরিজে লিড নিবে তারা।

শুক্রবার গল টেস্টের তৃতীয় দিনে ৩৬৭ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দিন শেষে ৮ ওভারে এক উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে তারা।

প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে ধাওয়ান ও কোহলির জোড়া সেঞ্চুরিতে ৩৭৫ রান সংগ্রহ করেছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে চান্দিমালের সেঞ্চুরির সুবাদে ৩৬৭ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭৬ রানের। তৃতীয় দিনে ২৩ রান জমা করায় আর মাত্র ১৫৩ রান হলেই জয়ের স্বাদ পাবে কোহলিরা।

দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে গেলেও শিখর ধাওয়ান ১৩ ও ইশান্ত শর্মা ৫ রান নিয়ে অপরাজিত আছেন।

শুক্রবার দলীয় ৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল ৮ উইকেট। তবে দিনের শুরুতে রানের খাতা খোলার আগেই প্রাসাদ মাঠ থেকে বিদায় নিলে মহাচাপে পড়ে যায় লঙ্কানরা।

সাঙ্গাকারা ও ম্যাথুস প্রাথমিক বিপর্যয়ে থেকে দলকে উদ্ধার করেন। তাদের জুটি থেকে আসে ৮৭ রান। কিন্তু ৪০ রান করা সাঙ্গাকারা সাজঘরে ফেরার পর দলীয় খাতায় তিন রান যোগ হতেই বিদায় নেন ম্যাথুস (৩৯)।

শতরানের আগে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা দলের হাল ধরেন চান্দিমাল। থিরিমান্নেকে সঙ্গে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন তিনি। ৪৪ রান করে থিরিমান্নে অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নিলেও অটল থাকেন চান্দিমাল।

এবার তাকে যোগ্য সঙ্গ দেন মুবারক। দেখতে দেখতে চান্দিমালের সেঞ্চুরি পূর্ণ হয়। আর হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যান মুবারক। কিন্তু মাত্র এক রানের আক্ষেপ নিয়ে মাঠ থেকে বিদায় নিতে হল তাকে। ব্যক্তিগত ৪৯ রানে হরভজন সিংয়ের বলে রাহানের তালুবন্দী হন মুবারক।

শেষ পর্যন্ত চান্দিমাল মাঠে টিকে থাকলেও ২২ গজের অন্য প্রান্তে একে একে মাঠ থেকে বিদায় নেন হেরাথ (১) ও কৌশল (৭) ও প্রদীপ (৩)। চান্দিমাল ১৬৯ বল মোকাবিল করে ১৯টি চার ও চারটি ছক্কায় ১৬২ রান নিয়ে অপরাজিত থাকেন।

ভারতের বোলারদের মধ্যে অশ্বিন চারটি ও মিশরা তিনটি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন হরভজন, অ্যারোন ও ইশান্ত শর্মা।

জেডআই