ভারতের জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হওয়ার আগে 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা দল। কিন্তু এই ম্যাচে ভারতের রোহিত শর্মা ও মনিষ পান্ডের সেঞ্চুরিতে ৮৮ রানে হেরেছে সফরকারীরা।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ভারত ‘এ’ দলকে ব্যাটিং পাঠায় শ্রীলংকা। ব্যাটিং-এর সুযোগ পেয়ে লংকান বোলারদের উপর তান্ডব চালিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। উন্মুক্ত চাঁদ ৫৪ রানে ফিরলেও, ব্যাট হাতে তিন অংকের কোঠা স্পর্শ করেন রোহিত ও পান্ডে।

শ্রীলংকার বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে দলে না থাকা রোহিত ১১১ বলে ১৮টি চার ও১টি ছক্কায় ১৪২ রান করেন। আর ১৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১১৩ বলে ১৩৫ রান করে অপরাজিত থাকেন পান্ডে। এই দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৮২ রানের পাহাড় দাড় করায় ভারত ‘এ’। ৫৭ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার সফল বোলার ছিলেন পেসার ধাম্মিকা প্রসাদ।

জবাবে ব্যাট হাতে ৩০০ রানই পার করতে পারেনি সফরকারী শ্রীলংকা। ওপেনার উপল থারাঙ্গার সর্বোচ্চ ৭৪, কুমার সাঙ্গাকারার ৩৪ ও মাহেলা জয়াবর্ধনের ৩৩ রানের কল্যাণে ৯ উইকেটে ২৯৪ রান করতে পারে দলটি। ফলে বড় ব্যবধানে হেরে যায় তারা। ভারত ‘এ’ দলের পক্ষে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন করণ শর্মা।

জেডআই