মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে বাংলাদেশ রানের লিড পেয়েছে। জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৭৬ রানে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন টি কাইটানো। খবর বিডিক্রিকটাইম’র।
চা বিরতির পরেই টি কাইটানোর সেঞ্চুরির স্বপ্ন ভেঙে দেন মিরাজ। উইকেটরক্ষক লিটনের তালুবন্দী হয়ে ৮৭ রানে থামেন কাইটানো। তার ৩১১ বলের ধৈর্যশীল ইনিংসটিতে ছিল ৯টি চার। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ২৬১ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে।
নিজের পরের দুই ওভারেই জিম্বাবুয়ের আরও দুইটি উইকেট তুলে নেন মিরাজ। ডোনাল্ড তিরিপানোকে এলবিডব্লিউ ও ভিক্টর নাইউচিকে বোল্ড করেন। নিজের পরের ওভারেই ব্লেজিং মুজারাবানিকে বোল্ড করে পঞ্চম উইকেট শিকার করেন মিরাজ। অর্থাৎ টানা ৪ ওভারে ৪টি উইকেট শিকার করেন এই ডানহাতি স্পিনার।
রিচার্ড গারাভাকে শিকার করে জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাকিব। জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে। রেগির চাকাবভা ৩১ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে মিরাজ ৫টি, সাকিব ৪টি এবং তাসকিন ১টি উইকেট শিকার করেছেন। বাংলাদেশ পেয়েছে ১৯২ রানের লিড।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
বাংলাদেশ ৪৬৮/১০ (১ম ইনিংস- ১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০, সাদমান ২৩, মুশফিক ১১, সাকিব ৩, শান্ত ২, সাইফ ০;
মুজারাবানি ৪/৯৪, তিরিপানো ২/৫৮।
জিম্বাবুয়ে ২৭৬/১০ (১১১.৫ ওভার)
কাইটানো ৮৭, টেইলর ৮১, শুম্বা ৪১, চাকাবভা ৩১*, মেয়ার্স ২৭;
মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২।
বাংলাদেশের লিড ১৯২ রান।
এমবি





