আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭। উদ্বোধনী ম্যাচে ওভালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলাটি মাঠে গড়াবে।
পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভুল শুধরে চ্যম্পিয়নস ট্রফিতে টাইগাররা ভাল কিছু করে দেখাবে এমন প্রত্যাশা ক্রিকেট বোদ্ধাসহ অগণিত ভক্তদের। প্রতিযোগিতায় বাংলাদেশকে বিপদজনক দল হিসেবেই দেখা হচ্ছে।
শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারা বাংলাদেশকে টুর্নামেন্টের ডগ হর্স হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের কোচ হাথুরে সিংও বলেছেন, প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা চাম্পিয়নস ট্রফির মূল প্রতিযোগিতায় কোনো প্রভাব ফেলবে না।
তবে স্বাগাতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে বাড়তি সর্তকতা নিয়েই মাঠে নামতে হবে মাশরাফিদের। কারণ ইংল্যান্ডকে টুনার্মেন্টের অন্যতম ফেবারিট হিসেবে তকমা দিয়েছেন ক্রিকেট বোদ্ধারা।
তাছাড়া স্বাগতিক দল হিসেবে বাড়তি সুবিধা তো রয়েছেই ইংলিশদের। ইংল্যান্ড যত শক্তিশালীই হোক বাংলাদেশেও যে ছেড়ে কথা বলবে না আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পালা মাঠে টাইগারাদের সঙ্গে ইংলিশদের ব্যাট-বলের লড়াইটা কতটা জমজমাট হয়।
চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি র্যাংকিংয়ের প্রথমসারির ৮টি দল খেলছে। প্রতিযোগিতায় ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে বাংলাদেশ, স্বাগিতক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং বি গ্রুপে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হবে।
সবগুলো খেলা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল সরাসরি সেমিফাইনালে খেলবে। আর ১৮ জুন ওভালে চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭-এর ফাইনাল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামবে।
এমএনজে





