একের পর এক রেকর্ড গড়া সাকিব আরো একটি রেকর্ড গড়লেন। ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে নিজ দেশের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন এই অল রাউন্ডার।
এর আগে এই কীর্তি ছিল মাত্র তিন জন ক্রিকেটারের। সনাৎ জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ ও জ্যাক ক্যালিস এই রেকর্ড গড়েছিলেন।
দেশের মাটিতে ১০০ উইকেট সাকিবের আগেই হয়ে গিয়েছিল। ২০০০ রান পূর্ণ হতে দরকার ছিল মাত্র ১৬ রান। শুক্রবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৯তম ওভারের শেষ বলে চিগুম্বুরার বল থার্ডম্যানে ঠেলে দিয়ে ২০০০ রান পূর্ণ করেন সাকিব।
এই অসাধারণ অর্জনের জন্য সাকিবকে খেলতে হয়েছে ৭১ ম্যাচ। রেকর্ড গড়া ম্যাচে সাকিব তুলে নেন তার ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।
শ্রীলঙ্কার সাবেক তারকা জয়াসুরিয়া দেশের মাটিতে ১২৮ ম্যাচ খেলে ৩৮৮০ রান সংগ্রহ করেছেন। উইকেট নেন ১১৯টি। ১৫৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ৩১৬৫ রানের পাশাপাশি নিয়েছেন ১০১ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যালিস নিজ দেশে ১৪২ ম্যাচ খেলে ৫১৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ১১৬ উইকেট।
জেডআই





