চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের টিকিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আগামী বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের লড়াই। তবে জহুর আহমেদ স্টেডিয়ামে টিকিট বিক্রির কোনো বুথ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবার টিকিট বিক্রির দায়িত্ব পালন করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ইতোমধ্যে তারা নির্ধারিত কিছু ব্যাংকের শাখায় টিকিট বিক্রি করছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০ থেকে স্টেডিয়ামে স্থাপিত বুথে টিকিট পাওয়া যাবে। এছাড়া ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৮ টা থেকে বুথগুলো টিকিট বিক্রির জন্য খোলা থাকবে।
টেস্ট ম্যাচের জন্য জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের দাম প্রতিদিন ২০ টাকা। পশ্চিম গ্যালারি ৫০ টাকা। ক্লাব হাউসের টিকিট ৭৫ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি ৭৫ টাকা, রুফ টপ ৩০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ৩০০ টাকা এবং হসপিটালিটি বক্স ১০০০ টাকা।
ওয়ানডে ম্যাচের জন্য পূর্ব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা। পশ্চিম গ্যালারি ১৫০ টাকা। ক্লাব হাউস ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা, রুফ টপ ১০০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা এবং হসপিটালিটি বক্স ৩০০০ টাকা।
ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তাই বুধবারের ম্যাচে স্বাগতিক টাইগাররা মাঠে নামবে হোয়াইট ওয়াশ করার উদ্দেশ্যে। আর মান বাঁচানোর লড়াইয়ে অবতীর্ণ হবে সফরকারী জিম্বাবুয়ে।
জেডআই





