ক্রিকেটের তিন সংস্করণেই নিজেদের খেলার ধরনে নজরকাড়া পরিবর্তন এনেছে ইংল্যান্ড। যে কোনো পরিস্থিতিতে আগ্রাসী ক্রিকেট খেলে সাফল্যও পেয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের বিপক্ষে মাঠে নামার আগে ওই একই পথে হাঁটার বার্তা দিলেন চান্দিকা হাথুরুসিংহে।

প্রধান কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরে হাথুরুসিংহের প্রথম চ্যালেঞ্জ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিই। মাঠে নামার আগে এক সপ্তাহ কাজ করার সুযোগ পেয়েছেন দলের সঙ্গে। খুব বেশি সময় না হলেও, দলের মধ্যে আগ্রাসী ক্রিকেটের মানসিকতা বয়ে আনার কথাই বলেছেন শ্রীলঙ্কান কোচ।

বাংলাদেশের অনুশীলনেও দেখা গেছে তেমন কিছুর ছাপ। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ম্যাচের আবহে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা।

ব্যাটসম্যানদের মধ্যে তৌহিদ হৃদয়, আফিফ হোসেনদের দেখা গেছে হাত খুলে খেলতে। মুশফিক-মাহমুদউল্লাহরাও চেষ্টা করেছেন উদ্ভাবনী কিছু শট খেলার। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা ভিন্ন ভিন্ন ফিল্ড সেটআপে সেরেছেন বোলিং প্রস্তুতি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, নিজেদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনার চেষ্টা করছে কি না বাংলাদেশ।

এইচএম