আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কার্ডিফে বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। এই ম্যাচে পাকিস্তানি পেসারদের দাপটে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। জয়ের জন্য পাকিস্তানের সামনে ছুড়ে দিয়েছে ২৩৭ রানের লক্ষ্যমাত্রা।
এই ম্যাচ দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। যে দল হারবে তার বিদায়। জয়ী দল উঠে যাবে সেমি-ফাইনালে। প্রশ্ন এখন পাকিস্তানের আনপ্রেডিক্টেবল ব্যাটিং লাইন কার্ডিফে ২৩৭ রানের লক্ষ্যটা পূরণ করে শেষ চারে উঠতে পারবে? নাকি লঙ্কান বোলাররা জবাব দেবে দাঁতভাঙা? আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যানটা বেশ ভালো। এই ম্যাচের আগে খেলা ১০ ম্যাচের ৯টি জিতেছে তারা। একমাত্র হারটি সেই ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
এই ম্যাচে জুনাইদ খান অসাধারণ বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ১০ ওভারের ৩টি মেডেন। রান দিয়েছেন ৪০। মোহাম্মদ আমির ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট। এবারের আসরে এই প্রথম উইকেট পেলেন আমির। অভিষিক্ত ফাহিম আশরাফ ১টি উইকেট নিলেন।
আরেক তরুণ পেসার হাসান আলিও দুর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ৪৩ রানে শিকার করেছেন ৩ উইকেট। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ স্কোর ওপেনার নিরোশান ডিকভেলার ৭৩। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ করেছেন ৩৯ রান। নিচের দিকে আসেলা গুনারত্নের ২৭ ও সুরঙ্গা লাকমালের ২৬ বিশেষ উল্লেখযোগ্য।
এমই





