আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোয় বেশ ক্ষেপেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যালান বোর্ডার। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের জায়গায় আইপিএল আয়োজন করার বিষয়টিও মেনে নিতে পারেননি সাবেক এই অজি ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে বেশ আপত্তি বোর্ডারের। এর আগেও বহুবার বলেছেন আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলো ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে। এবার আইপিএল ইস্যূ নিয়ে আবারো কথা বলেছেন অ্যালান বোর্ডার। এই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সেটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২২ সালে। তবে পেছানো হয়নি আইপিএল। করোনাভাইরাসের কারণে এপ্রিলের পরিবর্তে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয় আইপিএল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিয়ে আইপিএল আয়োজনটা মোটেও পছন্দ হয়নি বোর্ডারের। যার কারণে আইপিএল আয়োজনকে শুধুই টাকা ধরার কৌশল বলেছেন তিনি।
“বিষয়টি ভালো লাগেনি। স্থানীয় টুর্নামেন্টের চেয়ে বৈশ্বিক টুর্নামেন্ট অগ্রাধিকার দেওয়া উচিত। টি–টোয়েন্টি বিশ্বকাপ মাঠে অনুষ্ঠিত হতে না পারলে আইপিএলও গড়ানো উচিত নয়। আমি তো বলব আইপিএল টাকা উপার্জনের কৌশল ছাড়া আর কিছুই নয়। টি–টোয়েন্টি বিশ্বকাপই অগ্রাধিকার পাওয়া উচিত। এমন কিছু হলে আয়োজক বোর্ডগুলোর আইপিএলে খেলোয়াড় পাঠানো বন্ধ করা উচিত।”
আইপিএলের মতো টুর্নামেন্টের কারণে অনেক ক্রিকেটারই দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছে বেশি। বিশেষ করে বর্তমানে অনেক ক্রিকেটারই টেস্ট ফরম্যাটে খেলতে আগ্রহ প্রকাশ করেন না।
টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো থামাতে কোহলির মতো আগ্রাসী ক্রিকেটারের খুব দরকার বলে মনে করছেন তিনি।বিডিক্রিকটাইম
এমবি





