প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ২ বল পর্যন্ত অনায়াসে খেলে দেন উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের দুই ব্যাটার ত্যাগিনারায়ণ চন্দরপল ও সলোজানো।
দু’জনের উটি ভাঙতে পাঁচ বোলারকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক লিটন দাস। শেষ পর্যন্ত রেজাউর রহমান রাজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫৯ রান করা চন্দরপল।
দুই ওপেনারের ১০৯ রানের জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট জুটি ভাঙতে আর বেশি সময় নেননি পেসার এবাদত হোসেন। দলীয় ১৫৫ রানের সময় ৪৬.২ ওভারের মাথায় ইমলাককে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান ২৭ রানে।
একই ওভারের পরের বলে শূন্য রানে বিদায় করেন আথানজিকে। এবাদতের তোপ সামলাতে ব্যর্থ হন আরেক ব্যাটার রোস্টন চেজ। দলীয় ১৬৭ রানের মাথায় ক্যাচ দেন লিটন দাসের হাতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৭১ রান। দ্রুত তিন উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছেন ওপেনার সলোজানো। তিনি অপরাজিত আছেন ৭১ রানে।
এবিএস





