আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতি বছর এই দিনটিকে বিশ্বের সবদেশের ক্রীড়া সাংবাদিকরা ঘটা করে উদযাপন করে। তবে করোনার কারণে এবার বড় ধরনের কোনো আয়োজন নেই।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস-২০২১ উপলক্ষে আমি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই; যারা তাদের আবেগ, প্রতিশ্রুতি, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দিয়ে খেলাধুলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।’
জালাল ইউনুস যোগ করেন, ‘খেলাধুলা বিশ্বজুড়ে কোটি মানুষের আশা, আনন্দ এবং প্রশান্তি বয়ে আনছে। এজন্য ক্রীড়া সাংবাদিকরা তাদের যে দুর্দান্ত কাজ করছেন, তার জন্য আমাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিৎ।’
অপরদিকে, বাংলাদেশের সকল ক্রীড়া সাংবাদিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহসভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দসহ বাফুফের কর্মকর্তা-কর্মচারীগণ।
এক শুভেচ্ছা বার্তায় দেশের ক্রীড়া সাংবাদিকবৃন্দ অতীতের ন্যায় ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অগ্রসর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাফুফে।
আলাদা এক বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘মিডিয়া কমিটি আশা করছে ক্রীড়া সাংবাদিকবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন সাধনে অতীতের ন্যায় ভবিষ্যতেও অধিক ভূমিকা পালন করবে।’
এইচএন





